আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার মহাকরণে আধার নির্ভর বায়োমেট্রিক এটেডেন্স পদ্ধতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধকের ভাষনে তিনি বলেন, সচিবালয়ে এই পদ্ধতি চালু হওয়ায় কর্মচারীদের মধ্যে সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার মানসিকতা তৈরী হবে। পাশাপাশি কাজের পারদর্শিতাও বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীকে গতিশীল প্রশাসন উপহার দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সমৃদ্ধ ও শক্তিশালী ত্রিপুরা গঠনে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি বলেন, লক্ষ্য থাকবে ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা।জানা যায়, এই পদ্ধতিতে সচিবালয়ের মোট ৯৯৬ জন কর্মচারী নির্বন্ধিত হয়েছেন। সচিবালয়ে মোট ১৮টি বায়োমেট্রিক ট্যাব লাগানো হয়েছে। পরে আরও ১৫টি বায়োমেট্রিক ট্যাব লাগানো হবে বলে জানা যায়। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, মূখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক, পরিকল্পনা দপ্তরের প্রধান সচিব ডঃ রাকেশ সরোয়াল, মূখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ডঃ মিলিন্দ রামটেকে, আইন দপ্তরের সচিব দাতামোহন জমাতিয়া, যুব ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক সহ সচিবালয়ের অন্যান্য আধিকারিকগণ।
