আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি ৷। প্রয়াত হলেন রাজ্যের বামফ্রন্ট আন্দোলনের অন্যতম নেতা ও প্রাক্তন সংসদ সদস্য বাজুবন রিয়াং। শুক্রবার রাত ১১টা ৪০মিনিটে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার তার মরদেহ দক্ষিণ ত্রিপুরা জেলার বগাফা এলাকার পৈত্রিক বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের লোকজন, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার পর আবার আগরতলায় নিয়ে আসা হয়। পরে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে শেষ শ্রদ্ধা জানান দলের রাজ্য নেতারা। এরপর বিধানসভা এবং মহারণে নিয়ে যাওয়া হয় মরদেহ। বাজুবন রিয়াং ত্রিপুরা রাজ্য থেকে সাতবার নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও ত্রিপুরা বিধানসভায় পাঁচবার বিধায়ক হিসেবে কাজ করে ছিলেন এবং দু’বার ত্রিপুরার মন্ত্রীসভার সদস্য ছিলেন।