জাতীয় ডেস্ক, কোলকাতা, ২২ মে || পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে সাড়া দিয়ে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ১১টার দিকে নেতাজী সুভাসচন্দ্র বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদীর সঙ্গে একই হেলিকপ্টারে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন শেষে মোদী মমতা বৈঠক করেন। এরপর প্রধানমন্ত্রী চলে যাবেন উড়িষ্যার ভুবনেশ্বরে।
উল্লেখ্য, ১৭৩৭ সালের পর পশ্চিমবঙ্গে এমন দুর্যোগ আর হয়নি। আমপানের তাণ্ডবে রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৯ জন এবং বিভিন্ন জেলায় ৬১ জন মারা গেছেন। এছাড়া কলকাতা, দুই ২৪ পরগনাসহ রাজ্যের অন্তত ১৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাত-আটটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও চার-পাঁচটি জেলা বিপর্যস্ত।
