আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ অক্টোবর || রাজ্য শিক্ষা দপ্তরের নিয়ম নীতিকে অবজ্ঞা করে তেলিয়ামুড়া আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের প্রি-টেস্ট পরীক্ষা নেওয়া শুরু হলো শনিবার দুপুর ১২টা থেকে। যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য লকডাউন সময়কালে এবং বর্তমান অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বাড়িঘরে কতটা পড়াশোনা করেছে সেই ব্যাপারে ছাত্র-ছাত্রীদের একটি প্রস্তুতি পরীক্ষা নিচ্ছেন। কিন্তু স্কুলের একটি আভ্যন্তরীণ সূত্রে জানা যায়, দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে প্রি-টেস্ট পরীক্ষা দিচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৫ই অক্টোবর থেকে স্কুল খুললেও ছাত্র-ছাত্রীরা অভিভাবকের মতামত নিয়ে স্কুলে যেতে পারবে, বাড়িঘরে পঠন-পাঠনে কোন অসুবিধার সৃষ্টি হলে। রাজ্য শিক্ষা দপ্তর দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের প্রি-টেস্ট পরীক্ষা নেওয়ার কোন নির্দেশ জারি করেনি। অবাক করার বিষয় হলো এক্ষেত্রে তেলিয়ামুড়া আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রি-টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ না পেয়েই। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম ভৌমিকের কাছে পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। করোনা অতিমারির সংক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট ভাবে রাজ্যবাসীর পাশাপাশি বিভিন্ন স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদেরও সতর্ক করে চলছেন।
