স্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপের আগে বেশ ভালই রাজত্ব শুরু করে দিয়েছে অসিরা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয় একটি ম্যাচেও জয়ের স্বাদ পায়নি ভারত। আর ত্রিদেশীয় সিরিজেও ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার বিশ্বকাপের বিষয়েও ভারতকে হুশিঁয়ারি দিয়েছেন।
আর ২০১৫ বিশ্বকাপে ক্রিকেট বিশেষজ্ঞদের চোখে সবচেয়ে ফেবরেট টিম অস্ট্রেলিয়া। আর এমন সময়ে মামলার ঝামেলায় পড়ল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। শেন ওয়ার্নের পরই অস্ট্রেলিয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বল ঘোরানোর ব্যাপারে যার একসময় অনেক নামডাক ছিল, সেই প্রাক্তন লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল এবার অস্ট্রেলিয়া বোর্ডের বিরুদ্ধেই ২.৬ মিলিয়ন ডলারের মামলা করে বসলেন৷
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-র বিরুদ্ধে ম্যাকগিলের অভিযোগ, ২০০৮ সালে চোটের চিকিৎসার জন্য যে খরচ হয়েছিল, সেই টাকা এখন বোর্ড তার কাছে ফেরত চাইছে৷ ২০০৮ সালের মে মাসে হাত, হাঁটু এবং কাঁধের চোটের জন্য খেলার অযোগ্য জায়গায় ছিলেন ম্যাকগিল৷
১৯৯৮ সাল থেকে ২০০৬ সালের মধ্যে খেলার সময়েই চোট পেয়েছিলেন প্রাক্তন অজি লেগস্পিনার৷ সেই পুরনো চোটই আবার ২০০৮ সালে সমস্যায় ফেলেছিল বলে দাবি ম্যাকগিলের৷ এই সময়টা ভাঙা নাক, হাঁটুর চোট, কার্টিলেজ চোট এবং নার্ভের চিকিৎসার জন্য ম্যাকগিলের পিছনে অনেক টাকা খরচ হয়েছিল৷ ২০০৮ সালেই ক্রিকেট থেকে অবসর নেন তিনি৷
তারপর এত বছর বাদে ফের সিএ চিকিৎসার টাকা দাবি করায় বোর্ডের বিরুদ্ধেই মামলা করেন তিনি। বিশ্বকাপের জন্য অসি ক্রিকেটারদের বেশ সতর্ক ভাবে লালন করছে অসি ক্রিকেট বোর্ড। তখন এ মামলা হয়তো প্রভাব ফেলতে পারে খেলার মাঠে।
