আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এবং জরুরি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলা সামাজিক সংস্থা ‘E-Blood’-এর বার্ষিক সাধারণ সভা রবিবার আগরতলা প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা চিন্ময় দেবনাথ ও সুমন্ত চক্রবর্তী-সহ সংস্থার সদস্য এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভার আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী ডঃ রণবীর রায়।
বার্ষিক সাধারণ সভায় রাজ্যে রক্তদান কর্মসূচিকে আরও বিস্তৃত করা, সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করার ক্ষেত্রে সংস্থার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন সংস্থার সদস্যদের পাশাপাশি উপস্থিত বিশিষ্টজনেরাও তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় নিয়মিত রক্তদাতা ও সংস্থার সদস্যদের উৎসাহিত করতে তাঁদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সংস্থার গত এক বছরের বিভিন্ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা এবং রক্তদান সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিন সংস্থার কোষাধ্যক্ষ পার্থ রায় গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করেন। সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে E Blood-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর কাজ আগামী দিনেও আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার কথা জানানো হয় E Blood-এর পক্ষ থেকে।
