আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পর এবার রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের নাম করে ভূয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণা করার জন্য মাঠে নেমেছে একটি চক্র। ঘটনা নজরে আসে খোদ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের।
জানা যায়, ৮৩৬৮২৪৮১১৩ নম্বর থেকে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের নাম করে ভূয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে জনসাধারণের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণায় মাঠে নেমেছে একটি চক্র। চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষজনের কাছে টাকা চাইছে।
বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে শ্রী রায় লিখেন, এই নম্বরটি কোনভাবেই উনার সঙ্গে জড়িত নয়। এই বিষয়ে ত্রিপুরা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাকে অবগত করা হয়েছে। কে বা কারা এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে ত্রিপুরা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। মন্ত্রী জানান, তিনি নিজেও গোটা বিষয়টি তদন্ত করার জন্য পুলিশকে বলেছেন। কারা এই প্রতারণা চক্র চালাচ্ছেন, তাঁদের খুঁজে বার করে কড়া ব্যবস্থা নিতেও ইতিমধ্যেই পুলিশকে অনুরোধ করেছেন তিনি।
তিনি লিখেন, ধারণা করা হচ্ছে জনসমক্ষে উনার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং উনাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটা গভীর ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে খুবই সুকৌশলে একটি চক্র এসব করাচ্ছে।
মন্ত্রী শ্রী রায়, উনার সকল পরিচিতদের কাছে অনুরোধ করে বলেন, কেউ যেনো উনার নামে কাউকে টাকা না দেন। তিনি উনার সকল শুভানুধ্যায়ীর কাছে অনুরোধ করেন, এই চক্রটির ফাঁদে কোনোভাবেই না পড়ার জন্য। এমন ধরণের ম্যাসেজ পেলে সাথে সাথে পুলিশকে অবগত করার জন্য তিনি আবেদন জানান।
