আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || শুক্রবার আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, দপ্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এই হাসপাতালের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন করে রাজ্যে আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য আগামীর রূপরেখা নিয়েও মূল্যবান আলোচনা করা হয় বলে জানা যায়।
পাশাপাশি এদিন জিবি হাসপাতালে রাজ্যের করমছড়া মন্ডলের বিজেপি কার্যকর্তা গোপাল বণিকের স্বাস্থ্যের খোঁজখবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি ঈশ্বরের আশীর্বাদে সে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক এই কামনা করেন।
