বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, প্রায় ১,৩০০ পরিবার আশ্রয় নিয়েছে শিবিরে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || ক্রমাগত বর্ষণে রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন সর্বত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।
রবিবার শহর আগরতলার হাওড়া নদীর উপকুলবর্তী চন্দ্রপুর, প্রতাপগড়, বড়দোয়ালী সহ বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক প্রমুখ।
একই সাথে ধলেশ্বরস্থিত স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন, প্রতাপগড়স্থিত রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়দোয়ালীস্থিত বিবেকানন্দ বিদ্যামন্দির, জয়নগরস্থিত বি. আর আম্বেদকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণনগরস্থিত প্রগতি বিদ্যাভবন, মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয় এবং ৩২নং পুর ওয়ার্ডের নেতাজী আদর্শ শিক্ষা মন্দিরে তৈরী শিবিরগুলোতে সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন ও নাগরিক দের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত দু’দিনের অবিরাম বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় ১,৩০০ পরিবার সরকারি শেল্টার হাউজে আশ্রয় নিয়েছে। রাজ্য সরকার প্লাবিত এলাকার উপর তীক্ষ্ণ নজর রাখছে। তিনি জানান, জেলা প্রশাসন NDRF/SDRF, সিভিল ভলেন্টিয়ার্স, অন্যান্য এজেন্সিকে বিভিন্ন এলাকায় মোতায়েন করেছে। আগরতলার বিভিন্ন এলাকায়ও জল জমেছে, জলের পাম্পও চালু রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*