সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জুলাই || ফের অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার সকালবেলায় গন্ডাছড়া মহকুমার দুদুমণিপাড়া এলাকায় একটি বেআইনি ওয়ার্কশপ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা মহকুমা জুড়ে।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম ভবতোষ দে, বয়স আনুমানিক ৩৫, ফটিকরায় এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি রতন দেওয়ান নামে এক ব্যক্তির পরিচালিত ওয়ার্কশপে কাজ শুরু করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্কশপটি দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে পরিচালিত হয়ে আসছিল। না আছে বৈধ লাইসেন্স, না রয়েছে শ্রম দপ্তরের কোনও ছাড়পত্র।
সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ পথচারীদের নজরে পড়ে ওয়ার্কশপের ভিতর এক ব্যক্তি মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ছুটে আসেন ওয়ার্কশপ মালিক রতন দেওয়ান এবং গন্ডাছড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান সাব-ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্যের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় ফরেন্সিক দলেরও।
পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ভবতোষের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়—এর পেছনে থাকতে পারে গভীর ষড়যন্ত্র। কারণ, ওয়ার্কশপটি ঘিরে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল এবং অধিকাংশ শ্রমিকই সেখানে কাজ করতে রাজি হতেন না।
ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে মুখ খুলতে চাননি ওয়ার্কশপ মালিক রতন দেওয়ান। তাঁর এই নিরুত্তর ভঙ্গিমা জনমনে সন্দেহ আরও বাড়িয়ে তোলে।
উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে গন্ডাছড়া মহকুমায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। যার ফলে এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে ভবতোষের রহস্যময় মৃত্যু ঘিরে বর্তমানে গন্ডাছড়া মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।
