গোপাল সিং, খোয়াই, ০৯ জুলাই || খোয়াই মহকুমার নতুন মহকুমা শাসক (SDM) শীর্ষেন্দু দেববর্মণ (TCS) বুধবার পদাধিকারবলে খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর আজই তিনি প্রথমবার পুর পরিষদ কার্যালয়ে আসেন।
এদিন কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান খোয়াই পুর পরিষদের পুর পিতা দেবাশীষ নাথশর্মা। তাঁর সাথে উপস্থিত ছিলেন পুর পরিষদের পাবলিক ও হেলথ স্ট্যান্ডিং কমিটির সভাপতি তথা কাউন্সিলার শঙ্কু পাল সহ অন্যান্য কাউন্সিলারগণ। পুর প্রতিনিধিরা নতুন মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে উন্নত পুর পরিষেবা প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর শীর্ষেন্দু দেববর্মণ পুর পরিষদের কর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন এবং অফিসের প্রতিটি বিভাগ ঘুরে দেখে কাজের খোঁজখবর নেন। তাঁর যোগদান পুর পরিষেবার মানোন্নয়নে নতুন গতি আনবে বলে আশা করছেন সকলে।
