সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ জুলাই || শেষ পর্যন্ত ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’-তে প্রকাশিত গন্ডাছড়া মহকুমা সদর হাসপাতালের দুরবস্থার খবরকে কেন্দ্র করে আন্দোলনে নামলো রাইমাভ্যালি ব্লক যুব কংগ্রেস। আমাদের প্রকাশিত সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই করে তারা সরব হয় হাসপাতালের বেহাল অবস্থার বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ১টায় রাইমাভ্যালি ব্লক যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. জটিলেশ্বর দেব্বর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। সভাপতি বাদল সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল ছয় দফা দাবি-সহ একটি স্মারকলিপি তুলে দেয় এসডিএমও-র হাতে।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের পুরাতন ভবনের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে,
বন্ধ হয়ে যাওয়া সকল উপ-স্বাস্থ্য কেন্দ্র পুনরায় চালু করতে হবে,
ম্যালেরিয়া প্রতিরোধে প্রতিটি এডিসি ভিলেজে স্বাস্থ্য শিবিরের আয়োজন,
গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর প্রতি সহমত পোষণ করেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. দেব্বর্মা। প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর তিনি আমাদের প্রতিনিধি চন্দনলাল রায়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরিস্থিতি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ প্রসঙ্গে যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার বলেন, “মানুষের চিকিৎসার অধিকার নিয়ে কোনো আপস নয়। আমরা হাসপাতালের দুরবস্থার বিষয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, এবার রাজপথে নামতেই হলো।”
আমাদের অনুসন্ধানমূলক সংবাদের পর এই গণতান্ত্রিক প্রতিক্রিয়া একপ্রকার বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার দৃষ্টিকোণ থেকে।
