বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জুলাই || নিজ পিতার মৃত্যুবার্ষিকিকে স্মরণীয় করে তুলতে সমাজসেবামূলক কাজে অংশ নিলেন চেন্নাইয়ের খ্যাতনামা হাসপাতালে কর্মরত ত্রিপুরার সন্তান ডাঃ সুশান্ত বনিক। ছোটবেলায় পিতাকে হারিয়ে কঠিন বাস্তবতায় বেড়ে ওঠা সুশান্ত আজ চিকিৎসা জগতে প্রতিষ্ঠিত নাম হলেও শিকড় ভুলে যাননি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরেই নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
সম্প্রতি চেন্নাই থেকে ছুটি নিয়ে নিজের জন্মভূমি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হন তিনি। পিতার মৃত্যুবার্ষিকি উপলক্ষে শনিবার তিনি উদয়পুরের খিলপাড়া বালক শিশু নিকেতনে উপস্থিত হয়ে শিশুদের হাতে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ তুলে দেন। শুধু বিতরণ নয়, সারাদিন তিনি শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের পাশে থাকার বার্তা দেন।
স্থানীয়রা জানান, ডাঃ সুশান্ত বণিকের এই উদার মানসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। চেন্নাইতে বড় পদে কর্মরত থেকেও নিজের রাজ্য ও সমাজের প্রতি যে দায়বদ্ধতা তিনি পালন করে চলেছেন, তা অনেকের জন্য অনুপ্রেরণার।
এই প্রসঙ্গে ডাঃ সুশান্ত বনিক বলেন, “আমি ছোটবেলা থেকেই বুঝেছি কষ্টের মূল্য। তাই এখন যখন সামর্থ্য হয়েছে, তখন আমার কর্তব্য সমাজের প্রতি কিছু ফিরিয়ে দেওয়া। রাজ্যের মানুষ বা কোনো রোগী যদি চেন্নাইতে চিকিৎসার জন্য আসেন, আমি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। জনসেবার মাধ্যমেই আমি আমার বাবাকে স্মরণ করতে চাই।”
ডাঃ বনিকের এই উদ্যোগে এলাকাবাসী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
