গোপাল সিং, খোয়াই, ২৬ জুলাই || ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে এবং এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার খোয়াইতে দীর্ঘ ৭ বছর পর শুরু হলো “শচীন্দ্র দেব স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬”। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থিত সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
আজ বিকেল ৩টেয় মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা রজত পান্থ (আইএএস) এবং জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকুল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা এবং সমাজসেবী রঞ্জন দাস, খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অমর লাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী টিংকু রায় উনার ভাষনে রাজ্যের পাশাপাশি খোয়াইয়ের আপামর খেলোয়াড়দের উৎসাহিত করতে গিয়ে বলেন, রাজ্যে ইতিমধ্যে ১৫টি সিন্থেটিক ফুটবল মাঠ তৈরী হয়েছে। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে রাজ্য সরকার গোটা রাজ্যেই খেলার পরিবেশকে গড়ে তুলতে বদ্ধপরিকর। উড়িষ্যাতে জাতীয় ফুটবল টুর্নামেন্টে রাজ্যের ফুটবল টিম তৃতীয় স্থান অধিকার করেছে বলেও তিনি তথ্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয় খোয়াই জিলা পুলিশ এবং খোয়াই ইংলিশ মিডিয়াম। টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে দর্শকরা উপভোগ করেন সুন্দর ফুটবল। খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১১টি দল অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে বি.এম.এস অটো, টি.এস.আর ৬ষ্ঠ বিএন, কৃষ্ণপুর মন্ডল, আশারামবাড়ি একাদশ, খোয়াই চা বাগান, বুলেট ক্লাব, এন.পি.সি, কল্যাণপুর মন্ডল এবং যুবা সঙ্ঘ।আগামী ৩রা আগস্ট, ২০২৫ তারিখে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো খোয়াইয়ের ফুটবল প্রতিভাদের তুলে আনা এবং যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে খোয়াইয়ের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
