গোপাল সিং, খোয়াই, ২৬ জুলাই || ২৬’তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে শনিবার খোয়াই মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ্য মশাল মিছিল আয়োজিত হয়। ১৯৯৯ সালের মে মাসে কাশ্মীরের কার্গিল, দ্রাস ও বাটালিক (এলওসি) সেক্টরে পাকিস্তান সেনা ও জঙ্গিদের গোপন অনুপ্রবেশের পর শুরু হয় ‘অপারেশন বিজয়’। ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই যুদ্ধের সমাপ্তি ঘটে ২৬ জুলাই, এবং ভারত পুনরায় নিজের দখলে আনে এই অঞ্চলগুলি। ২০০০ সাল থেকে এই দিনটি ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে সারা দেশে শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়ে আসছে।
এই উপলক্ষে আজ খোয়াই মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন মন্ডল সভাপতি অনুকূল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, জেলা যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ, রাজ্য কমিটির সদস্য সুমিত সরকার, খোয়াই মন্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ পাল, এবং মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলটি মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে সুভাষ পার্ক, বাজার এলাকা, হাসপাতাল চৌমুহনী ও টি কে ডিকে রোড পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয়ে এসে শেষ হয়। শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস কার্গিল যুদ্ধে শহিদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং যুব সমাজকে দেশসেবার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
দেশপ্রেম, জাতীয়তাবাদ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বার্তা নিয়ে এদিনের মিছিল জনসাধারণের মধ্যে গভীর প্রভাব ফেলে।
