আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বনকুমারি বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ ৯ কেস হেরোইন সহ দুই মহিলাকে আটক করেছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে দুই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ কেস হেরোইন উদ্ধার হয়, যার পরিমাণ ও গুণগত মান বিশ্লেষণ করে বাজারমূল্য এতটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে।
আটক দুই মহিলার বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা এই চক্রের শুধুমাত্র বাহক, না কি বড় কোনো মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার ড. কিরণ কুমার কে বলেন, “আমরা মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজ থেকে মাদক নির্মূল করতেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় মাদক পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
