বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর || পঞ্চমীর রাতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোডস্থিত দূর্গা পূজা কমিটির পূজা প্যান্ডেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।
অন্যান্য বছরের মতো এ বছরও পূজা কমিটির পক্ষ থেকে মায়ের আরাধনায় ব্রতী হওয়া হয়েছে। এ বছরের বিশেষ আকর্ষণ মায়ের ৫১ রূপের আরাধনা। শনিবার রাতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পূজা কমিটির উদ্যোগে এলাকার ৫১ জন মাতৃশক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলর রাজীব চক্রবর্তীসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে সত্যব্রত সাহা পূজা কমিটিকে এই অনন্য উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার নারীর ক্ষমতায়ন ও মাতৃশক্তির সম্মান প্রদানে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। শান্তির বাজারের এই আয়োজন তাঁর মনে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
পঞ্চমীর রাতে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বক্তারা সকলকে আনন্দ-উৎসবের আবহে পূজার দিনগুলো সুন্দরভাবে কাটানোর আহ্বান জানান।
