আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ অক্টোবর || পশ্চিমবঙ্গে দু’বারের সাংসদ খগেন মুর্মু ও বিজেপি নেতা শঙ্কর ঘোষের ওপর তৃণমূল দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় বিজেপির বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়। বনমালীপুর থেকে শুরু হওয়া র্যালিতে নেতৃত্ব দেন বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম সাহা। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দও।
র্যালি চলাকালীন আগরতলার তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার ত্রিপুরা আসছেন তৃণমূল নেতারা—কুণাল ঘোষ, সায়নী ঘোষ, প্রতিমা মন্ডল ও সুদীপ রাহা। তাঁরা রাজ্যে এসে ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন ও সংগঠনের বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
