গোপাল সিং, খোয়াই, ১৪ নভেম্বর || গোটা দেশের নজর ছিল চলমান বিহার বিধানসভা নির্বাচনের দিকে। আজ ভোট গণনা শুরু হতেই সকালে টিভির পর্দায় চোখ রেখে সাধারণ মানুষ প্রত্যক্ষ করেন এনডিএ জোট বনাম ইন্ডি জোটের লড়াই। প্রতি রাউন্ডের ফলাফলে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকে এনডিএ-র প্রার্থীরা। বেলা ১১টার মধ্যেই স্পষ্ট হয়ে যায়—নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় বিহারে ক্ষমতায় আসছে এনডিএ জোট।
এই বিজয় উপলক্ষে বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে সন্ধ্যা ৬টায় মন্ডল কার্যালয় থেকে ঢাক–ঢোল সহযোগে বিজয় মিছিল বের হয়। মিছিলে বারবার ধ্বনিত হয়— “নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ” এবং “বিহার শেষে বাংলায় এবার বিজেপি সরকার।”
বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল কমিটির সভাপতি অনুকূল দাস, জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, দেবাশীষ নাথশর্মা, প্রণব বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
