বিহার, ১৪ নভেম্বর || বিহারে ফের বিস্ময়কর জয় পেতে চলেছে নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট। গণনার সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় দুই শতাধিক আসনে জয়লাভ নিশ্চিত করতে চলেছে এনডিএ। কয়েক দিন আগেও নীতীশের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন থাকলেও ভোটারদের আস্থা বরং আরও দৃঢ় হয়েছে।
বুথফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বাস্তবে এনডিএ ২০১০ সালের ২০৬ আসনের নজির ফের স্পর্শ করতে চলেছে। বিজেপি পেয়েছে ৯৫টি আসন, জেডিইউ ৮২টি এবং এলজেপি ২০টি আসনে জয়লাভের পথে।
অন্যদিকে বিরোধী মহাজোটের অবস্থা শোচনীয়। গতবার ৭৫ আসন পাওয়া আরজেডি নেমে এসেছে ২৫টিতে, কংগ্রেস ১৯ থেকে নেমে আসছে মাত্র ৩ আসনে। মোট মিলিয়ে বিরোধীদের ৪০ আসন পার হওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে ৪৭ লাখ নাম বাদ দেওয়ার অভিযোগ, রাহুল গান্ধীর ভোট চুরির দাবি—সবকিছুকেই বিহারের ভোটাররা গুরুত্ব দেননি। ফলাফলে স্পষ্ট, নীতীশ কুমারই দশমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন এবং বিরোধীদের অভিযোগে আমল না দিয়ে এনডিএকেই ভরসা করেছেন রাজ্যবাসী।
