গোপাল সিং, খোয়াই, ২৫ নভেম্বর || ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন (টিএসএফ) আবারও রোমান স্ক্রিপ্ট ইস্যুতে পথে নেমে জোরালো অবস্থান আন্দোলন শুরু করেছে। মঙ্গলবার সার্কিট হাউস এলাকায় আগাম অনুমতি ছাড়াই গণধর্নায় বসে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দেয়—ককবরক ভাষায় রোমান লিপিতে পাঠ্যপুস্তক মুদ্রণ করতে হবে এবং প্রশ্নপত্রও রোমান হরফেই তৈরি করতে হবে। দীর্ঘদিনের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সতর্ক করেন নেতৃত্ব।
টিএসএফের অভিযোগ, বহুদিন ধরে দাবি জানানোর পরও সরকার শুধু আশ্বাস দিয়েছে—কিন্তু বাস্তবে কোনও পদক্ষেপ নেয়নি। নেতৃত্বের ভাষায়, বারবার প্রতিশ্রুতি ভেস্তে যাওয়ায় ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ। দাবি না মানলে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও আরও জোরালো করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
অবস্থানে বসতেই এলাকায় পুলিশের তৎপরতা বেড়ে যায়। আগেও একই দাবিতে আন্দোলনে নেমেছিল টিএসএফ; পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি তখন স্বাভাবিক হলেও রোমান স্ক্রিপ্ট স্বীকৃতির প্রশ্নে কোনও অগ্রগতি হয়নি—এমনই অভিযোগ ছাত্র সংগঠনের। এবার আন্দোলন আরও তীব্র, দীর্ঘমেয়াদি এবং বিস্তৃত আকার নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব।
রোমান স্ক্রিপ্ট ইস্যুতে উত্তেজনা আবার চরমে পৌঁছানোয় সার্কিট হাউস এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রশাসন পরিবেশ শান্ত রাখার চেষ্টা করলেও আন্দোলনকারীরা দাবিতে অনড়। রোমান লিপির স্বীকৃতি পাবে কি না—এখন রাজ্যের শিক্ষা দপ্তর ও সরকারের ওপরই নজর থাকল।
