বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ নভেম্বর || দক্ষিণ জেলার মুহুরিপুর জাতীয় মৎস্য খামারের কনফারেন্স হলে মঙ্গলবার কাকুলিয়া বন দপ্তরের উদ্যোগে এবং কাঠালিয়া জে এফ এম সি–র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লক এডভাইজারি চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ পিলাক জেলার প্রাক্তন সম্পাদক বিকাশ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, দক্ষিণ জেলার বন অধিকর্তা গৌরব রবীন্দ্র ওয়াঘ, রেঞ্জ অফিসার শেখর লোধ, বিট অফিসার অভিজিৎ দাসসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এদিন মোট ৫৬ জন ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার ৪৫ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বনজ সম্পদ রক্ষার গুরুত্ব তুলে ধরে বনভূমি সংরক্ষণে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় অধিক পরিমাণে গাছ লাগানোর অনুরোধও করেন তিনি।
মানুষের মুখে হাসি ফোটাতে এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উপস্থিত অধিকারিক ও অতিথিরা।
