সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ ডিসেম্বর || গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়া এডিসি ভিলেজের বাজিলা পাড়ায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে শনিবার সকালে রক্তক্ষয়ী ঘটনা ঘটল। প্রতিবেশী দশরথ রিয়াং (৫০)-এর গুলিতে গুরুতর জখম হয়েছেন মিলিজয় রিয়াং (৪০) নামে এক ব্যক্তি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পুরনো জমি-বিবাদ নিয়ে দু’পক্ষের মধ্যে আবারো তর্কাতর্কি শুরু হয়। ওই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত দশরথ রিয়াং হঠাৎই একটি দেশীয় আগ্নেয়াস্ত্র বের করে মিলিজয় রিয়াংকে লক্ষ্য করে গুলি চালান। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি সরাসরি মিলিজয়ের মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মিলিজয় রিয়াংকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁর আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দশরথ রিয়াং ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ ইতিমধ্যে তল্লাশি অভিযান জোরদার করেছে। সংবাদ লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাজিলা পাড়াসহ আশপাশের এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
