আগরতলায় এসএএনএস-২৫ কর্মসূচির উদ্বোধন; শিক্ষিত নাগরিকদের ‘সহযোগিতাহীনতায়’ ক্ষোভ মেয়রের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর || আগরতলা শহরে শৈশব নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে শনিবার ভাটি অভয়নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসএএনএস-২৫ কর্মসূচির উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে পালন করা হয় এই বিশেষ স্বাস্থ্য উদ্যোগ। নিউমোনিয়া নির্মূলের লক্ষ্যেই জাতীয় স্বাস্থ্য মিশনের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মেয়র জানান, দেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। জ্বরের সঙ্গে শিশুর দ্রুত শ্বাস-প্রশ্বাস, শারীরিক অস্বস্তি ইত্যাদি লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। সচেতনতা ও যত্নই শৈশব নিউমোনিয়া মোকাবিলার মূল শক্তি—বলেই মত প্রকাশ করেন তিনি।
এদিন আশা কর্মীদের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, “স্বাস্থ্য ব্যবস্থায় আশা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আগরতলা শহরের বহু শিক্ষিত ও সচ্ছল নাগরিক যখন আশাকর্মীরা সার্ভের কাজে বাড়িতে যান, তখন সহযোগিতা করেন না।” মেয়রের অভিযোগ, অর্থনৈতিকভাবে স্বচ্ছল হওয়ার কারণে অনেকেই সরকারি পরিষেবার বদলে বেসরকারি পরিষেবা গ্রহণ করতে আগ্রহী, ফলে সার্ভের কাজে বাধা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও জানান, নিগম এলাকায় আশাকর্মীরা যদি কোনো বাধার মুখে পড়েন, তবে তা জনপ্রতিনিধিদের নজরে আনলেই প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হবে।
শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে টিকা, সময়মতো চিকিৎসা এবং মা-বাবাদের সচেতনতার ওপর বিশেষ জোর দেন মেয়র। তাঁর কথায়, সমাজের সকল স্তরের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*