গোপাল সিং, খোয়াই, ১০ ডিসেম্বর || ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হল বুধবার। খোয়াই জেলার বাইজলবাড়িতে মহারাজা রাধাকিশোর মাণিক্য স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মহারাজা কিরিত বিক্রম স্পোর্টস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজপরিবারের উত্তরাধিকারী প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ। ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TTAADC-এর এক্সিকিউটিভ মেম্বার রুনিয়েল দেববর্মা ও সোহেল দেববর্মা, খোয়াই রামচন্দ্রঘাট বিধানসভার বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন দুপুর ১টায় বাইজলবাড়ির নতুন মহারাজা রাধাকিশোর মাণিক্য স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টেডিয়াম উদ্বোধন হয় এবং পাশাপাশি মহারাজা কিরিত বিক্রম স্পোর্টস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ক্রীড়া উন্নয়ন কেন্দ্রিক এই দুটি প্রকল্প ভবিষ্যতে TTAADC এলাকার যুব সমাজকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রতিভা বিকাশ, অবকাঠামো উন্নয়ন এবং আগামী প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী ভিত্তি দিতে প্রকল্প দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্টেডিয়াম ও স্পোর্টস স্কুল শুধুমাত্র একটি অবকাঠামো নয়, নতুন প্রজন্মের স্বপ্ন ও পরিচিতিকে বিশ্বমানের প্ল্যাটফর্মে তুলে ধরার প্রতিশ্রুতি। এদিনের অনুষ্ঠান বাইজলবাড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দুই মহারাজাদের নামে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক উদ্যোগকে বিশেষ মর্যাদা দিয়েছে।
