সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ ডিসেম্বর || যুব সমাজকে নেশা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও গঠনমূলক পথে এগিয়ে নিতে গন্ডাছড়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘দৈবশক্তি চাকমা মেমোরিয়াল প্রাইজমানি নাইট ভলিবল টুর্নামেন্ট-২০২৫’। নারায়ণপুর প্রগ্রেসিভ ইয়থ অ্যাসোসিয়েশন (PYA) ক্লাবের উদ্যোগে নারায়ণপুর কবিগুরু রবীন্দ্রনাথ হাই সেকেন্ডারি স্কুল মাঠে সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গন্ডাছড়া মহকুমার শাসক (এসডিএম) চন্দ্রজয় রিয়াং। উপস্থিত ছিলেন ডি.সি.এম দিলীপ দেববর্মা, গন্ডাছড়া ব্রু সোসাইটির সভাপতি বিজয় রিয়াং, গন্ডাছড়া চুবলাই ভুতু সোসাইটির সহ-সভাপতি মিজোরাম ত্রিপুরা এবং PYA ক্লাবের অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান সাধন চাকমা।
উদ্বোধনী বক্তৃতায় এসডিএম রিয়াং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে সমাজকে নেশামুক্ত রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এমন আয়োজনে উদ্যোগী হওয়ার জন্য PYA ক্লাবকে ধন্যবাদ জানান। অন্যান্য অতিথিরাও খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে সম্পর্কে মত প্রকাশ করেন।
উদ্বোধনের পর প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাখিপাড়া জুনিয়র ও মাইন্নে সেবা ক্লাব। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের ধারালো স্পাইক ও নিখুঁত ড্রপশট দর্শকদের বারবার করতালিতে মুখর করে তোলে। মাঠজুড়ে ছিল কানায় কানায় দর্শকের ভিড়।
নারায়ণপুর প্রগ্রেসিভ ইয়থ অ্যাসোসিয়েশন ক্লাবের এই উদ্যোগ শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকাবাসীর বিনোদনের পাশাপাশি যুব সমাজকে নেশামুক্ত ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
