প্রবাসী ত্রিপুরাবাসীদের রাজ্যের উন্নয়নযাত্রায় যুক্ত হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, আগরতলায় প্রবাসী ত্রিপুরাবাসী সামিট ২০২৫-২৬ অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || আগরতলার হোটেল পোলো টাওয়ার্সে টিআইএফটি (TIFT)-এর উদ্যোগে আয়োজিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিট ২০২৫-২৬-এ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার মাটিতে জন্ম নেওয়া বহু প্রতিভা আজ রাজ্যের বাইরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং তাঁদের এই সাফল্য গোটা রাজ্যের জন্য গর্বের বিষয়।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রবাসী ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, নিজেদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে রাজ্যের রূপান্তরমূলক উন্নয়নযাত্রায় সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে প্রবাসী সমাজ একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হতে পারে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরার সম্ভাবনাময় বিভিন্ন খাতের দিকেও আলোকপাত করেন। পর্যটন, শিল্প, কৃষি, রাবার ও চা শিল্পে ত্রিপুরার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা, বিনিয়োগ ও সমন্বয়ের মাধ্যমে এই খাতগুলো রাজ্যের অর্থনৈতিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
এই ধরনের সামিটের মাধ্যমে প্রবাসী ত্রিপুরাবাসী ও রাজ্যের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতার ফলেই ত্রিপুরা আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*