বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ ডিসেম্বর || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীন পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ ১৫ দিন ধরে তালাবন্দী অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষজন। নিয়মিত চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় অসুস্থ রোগীদের পড়তে হচ্ছে মারাত্মক সমস্যার মুখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় সাধারণ অসুস্থতা হলেও রোগীদের বাধ্য হয়ে প্রায় ৭ কিলোমিটার দূরে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যেতে হচ্ছে। এতে করে বিশেষ করে শিশু, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, যে জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে, সেই জমির মালিক কেন্দ্রের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিয়েছেন, যার ফলেই এতদিন ধরে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার দক্ষিণ জেলার স্বাস্থ্য আধিকারিক জে এম দাস-কে অবগত করলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
দীর্ঘদিন ধরে সমস্যার কোনও সমাধান না হওয়ায় অবশেষে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন, যাতে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং এলাকার মানুষ সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পান।
এখন দেখার বিষয়, সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত দপ্তর আদৌ কত দ্রুত এবং কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
