গোপাল সিং, খোয়াই, ৩০ ডিসেম্বর || উত্তরাখণ্ডের দেরাদুনে পিটিয়ে খুন হওয়া ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যুতে রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এসএফআই-এর খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এঞ্জেল চাকমার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
খোয়াইয়ে আয়োজিত এই শ্রদ্ধানুষ্ঠানে এঞ্জেল চাকমার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন ছাত্র-যুব নেতা পদ্ম কুমার দেববর্মা, এসএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা ও খোয়াই বিভাগীয় সভানেত্রী সায়ন্তিকা দেব, বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য কমিটির সদস্য সৈকত দাস ও সীমা সিনহা সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এঞ্জেল চাকমার হত্যাকাণ্ডকে নির্মম ও অমানবিক বলে আখ্যা দেন এবং এই ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। পাশাপাশি ভিনরাজ্যে অধ্যয়নরত উত্তর-পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
শ্রদ্ধানুষ্ঠানের মাধ্যমে এসএফআই স্পষ্ট বার্তা দেয়—ছাত্রসমাজের উপর যে কোনও ধরনের হিংসা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সংগঠন ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।
