গোপাল সিং, খোয়াই, ৩০ ডিসেম্বর || ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার খোয়াইয়ে দিনভর নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনের আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। বিভাগীয় কমিটির উদ্যোগে এদিন অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মিছিল, রক্তদান শিবির, পতাকা উত্তোলন, শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি এবং দুস্থ শিক্ষার্থীদের মধ্যে খাতা-কলম বিতরণ।
দিনের শুরুতে বিভাগীয় স্তরের মূল কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে সংগঠনের পতাকা উত্তোলন করেন এসএফআই-এর খোয়াই বিভাগীয় কমিটির সভানেত্রী ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব। এরপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস, বিভাগীয় সম্পাদক সাগর পাল, বিভাগীয় সভাপতি সৌরভ দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাস ও সীমা সিনহা, প্রাক্তন বিভাগীয় সভাপতি অতনু দত্ত এবং প্রাক্তন বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃদাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর স্থানীয় শিক্ষক ভবনে আয়োজন করা হয় রক্তদান শিবির। এই শিবিরে মোট দশজন স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই-এর রাজ্য সভাপতি প্রীতম শীল এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাঞ্জন দাস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠা দিবসে রক্তদানের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
একই দিনে মহকুমার বিভিন্ন অঞ্চলেও সংগঠনের পতাকা উত্তোলনের কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় শহরের সুভাষপার্ক বইমেলার মাঠ থেকে একটি শ্লোগানমুখর মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে, যেখানে ছাত্রস্বার্থ, শিক্ষা ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে সোচ্চার হন সংগঠনের কর্মী-সমর্থকেরা।
প্রতিষ্ঠা দিবসের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে খোয়াই বিভাগের ছয়টি অঞ্চলের মোট ষাটজন দুস্থ শিক্ষার্থীর হাতে খাতা ও কলম তুলে দেয় এসএফআই-এর বিভাগীয় কমিটি। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, শিক্ষার অধিকার নিশ্চিত করাই তাদের আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য, আর এই ধরনের উদ্যোগ সেই লক্ষ্যকে বাস্তব রূপ দেওয়ারই অংশ।
সমগ্র কর্মসূচির মধ্য দিয়ে এসএফআই খোয়াই বিভাগ প্রতিষ্ঠা দিবসকে শুধু সাংগঠনিক নয়, বরং সমাজমুখী ও মানবিক দায়বদ্ধতার এক শক্তিশালী বার্তায় রূপ দিতে সক্ষম হয়েছে।
