গোপাল সিং, খোয়াই, ৩০ জানুয়ারি || খোয়াইয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো ৪৭তম স্বর্গীয় কৃষ্ণ সাহা ও মিলন সাহা মেমোরিয়াল সিনিয়র দ্বিতীয় বর্ষের রাজ্য ভিত্তিক তিনদিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক পিণাকী দাস চৌধুরী।
খোয়াই জেলা ভলিবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম চন্দ, খোয়াই ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি অনিমেষ নাগ, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, অনুকুল দাস, সমীর দাস, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান মহম্মদ মফসর আলি সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী প্রণব বিশ্বাস, চিরন্তন দাস সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী বক্তব্যে বিধায়ক পিণাকী দাস চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত চেতনার বিকাশ ঘটানোই এই ধরনের প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
রাজ্যের আটটি জেলা থেকে আগত আটটি দলের অংশগ্রহণে এই ভলিবল প্রতিযোগিতা খোয়াইয়ে ক্রীড়া উৎসবের আমেজ তৈরি করেছে। আগামী তিনদিন ধরে চলবে উত্তেজনাপূর্ণ ম্যাচ, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি ভ্রাতৃত্ব ও ক্রীড়াসুলভ মনোভাবের বার্তাও ছড়িয়ে পড়বে।
