সংস্কৃতি শহর খোয়াইয়ে শুরু ২০তম জারি-সারি ও মিলন মেলা, ঐতিহ্য ও লোকসংস্কৃতির রঙে তিনদিনের উৎসব

গোপাল সিং, খোয়াই, ৩০ জানুয়ারি || সংস্কৃতি শহর হিসেবে পরিচিত খোয়াইয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো জেলা ভিত্তিক ২০তম জারি-সারি ও মিলন মেলা ২০২৬। পূর্ণিমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহম্মদ মফসর আলি সহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
তথ্য ও সংস্কৃতি দপ্তর, খোয়াই পৌর পরিষদ, খোয়াই আরডি ব্লক, পূর্ত দপ্তর, ওয়াকফ বোর্ড এবং জারি-সারি ও মিলন মেলা কমিটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহম্মদ মফসর আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, সমাজসেবী বিনয় দেববর্মা, অনুকুল দাস, প্রণব বিশ্বাস, সমীর দাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জারি-সারি ও মিলন মেলা খোয়াই জেলার লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এই ধরনের সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে লোকসংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হবে এবং জেলার সাংস্কৃতিক পরিচিতি আরও সুদৃঢ় হবে।
তিনদিনব্যাপী এই মেলায় জারি-সারি গান, লোকনৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও বিভিন্ন ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের মাধ্যমে খোয়াইবাসী ও দর্শনার্থীরা লোকসংস্কৃতির বৈচিত্র্যের স্বাদ উপভোগ করবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*