উপরাষ্ট্রপতির উপস্থিতিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || ত্রিপুরা আজ সংযোগ ব্যবস্থা, ডিজিটাল শাসন, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন এবং বিনিয়োগে নতুন আস্থা নিয়ে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। রবিবার মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন।
মুখ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নারী দিবসের এই শুভ দিনে সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে। এটি অধ্যবসায়, উৎসর্গ ও শ্রেষ্ঠত্বের এক অনন্য উদযাপন। তিনি বলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের বুদ্ধিবৃত্তিক ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এখন সারা দেশ থেকে ছাত্রছাত্রী ও গবেষকদের আকর্ষণ করছে।
তিনি আরও জানান, রাজ্য সরকার জ্ঞানভিত্তিক ও দক্ষতা নির্ভর ত্রিপুরা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যে আরও সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যসচিব জে কে সিনহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ইন-চার্জ) প্রফেসর শামল দাস এবং রেজিস্ট্রার প্রফেসর সমীর শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*