আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে নারীশক্তির উন্নয়ন, ক্ষমতায়ন এবং সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার বিভিন্ন নেত্রী এবং দলের অন্যান্য নেতৃত্ব।
এদিন বক্তারা নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, প্রশাসন, রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের সম্মানিত করা হয় এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
