বিজেপি সভাপতির ম্যারাথন প্রচার: ৯-হালাহালি ও ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রে জয়ের রণকৌশল সাজাতে কার্যকর্তা সম্মেলন

গোপাল সিং, খোয়াই, ০৫ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি নির্বাচন ২০২৬-এর প্রচার অভিযানে আজ খোয়াই জেলা চষে বেড়ালেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্যায়ে রবিবার তিনি জেলায় দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করেন, যার মূল লক্ষ্য ছিল দলীয় সংগঠনকে চাঙ্গা করা এবং প্রার্থীদের জয় নিশ্চিত করা।
দিনের দ্বিতীয় কর্মসূচিতে রাজীব ভট্টাচার্য বেহালাবাড়ি কমিউনিটি হলে আয়োজিত এক বিশাল কার্যকর্তা সম্মেলনে অংশ নেন। ৯-হালাহালি-আশারামবাড়ী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশে রাজীব ভট্টাচার্য আসন্ন নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করা এবং প্রতিটি ভোটারের দুয়ারে সরকারের সাফল্যের বার্তা পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রার্থীর জয় নিশ্চিত করতে কার্যকর্তাদের করণীয় বিষয়গুলো নিয়ে এদিন চুলচেরা বিশ্লেষণ করা হয়।
বেহালাবাড়ির সাংগঠনিক বৈঠক শেষ করেই রাজীব ভট্টাচার্য সরাসরি যোগ দেন এক নির্বাচনী জনসভায়। ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মার সমর্থনে সরবং বাজারে এই সভার আয়োজন করা হয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বিরোধীদের কড়া সমালোচনা করেন এবং জনজাতি উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
এদিনের এই নির্বাচনী জনসভায় প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, কল্যাণপুরের বিধায়ক পিণাকী দাস চৌধুরীসহ জেলার অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক প্রাক-মুহূর্তে রাজীব ভট্টাচার্যের এই ঝটিকা সফর এবং কার্যকর্তাদের সাথে সরাসরি মতবিনিময় খোয়াই জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনেই বিজেপি শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

রামচন্দ্রঘাটের সরবাং বাজারে এক নির্বাচনী জনসভায় এদিন ১৩ পরিবারের ৩০ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নেন। নবাগত সকলকে ভারতীয় জনতা পার্টিতে আন্তরিক স্বাগতম জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*