আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্যস্তরের বর্ণাঢ্য যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, যোগ প্রশিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ যোগাভ্যাসে অংশগ্রহণ করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রোগমুক্ত ও সুস্থ জীবনযাপনের জন্য যোগাভ্যাসের গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য যোগব্যায়াম ও প্রাণায়াম আজ বিশ্বজুড়ে মানবকল্যাণ ও সুস্বাস্থ্যের এক অনন্য বার্তা পৌঁছে দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০১৪ সালে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব বিশ্বমঞ্চে উত্থাপিত হয় এবং বিশ্বের অধিকাংশ দেশের সর্বসম্মত সমর্থনে ২০১৫ সাল থেকে প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
এবারের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত সামূহিক যোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সকলের প্রতি নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ, সুষম ও সচেতন জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, যোগ শুধু শারীরিক সুস্থতার পথই নয়, মানসিক প্রশান্তি ও আত্মিক বিকাশেরও অন্যতম মাধ্যম।
