আন্তর্জাতিক যোগ দিবসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যোগ সচেতনতা সাইকেল র‍্যালি, অংশ নিলেন শতাধিক সাইক্লিস্ট

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য যোগ সচেতনতা সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। সুস্থ জীবনযাপন, শারীরিক ও মানসিক সুস্থতা, পরিবেশ সচেতনতা এবং টেকসই জীবনধারার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাস সবুজ পতাকা দেখিয়ে র‍্যালির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীল, শারীরিক শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক সুদীপ দাস, প্রবীণ অধ্যাপক প্রসান্ত দাস এবং কর্মসূচির সমন্বয়ক ড. সঞ্জীব কুমার ভৌমিক।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‍্যালিটি বটতলা হয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়। শতাধিক সাইক্লিস্ট এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাইক্লিং অনুরাগী এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল মাত্র ছয় বছর বয়সী মাস্টার শ্রেয়স ভৌমিকের অংশগ্রহণ। ড. সঞ্জীব কুমার ভৌমিকের পুত্র শ্রেয়স অভিজ্ঞ সাইক্লিস্টদের সঙ্গে সম্পূর্ণ ১৭ কিলোমিটার পথ সফলভাবে অতিক্রম করে সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। এত অল্প বয়সে তার এই সাফল্য উপস্থিত সকলের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, যোগব্যায়াম ও সাইক্লিং শুধু শরীরকে সুস্থ রাখে না, মানসিক প্রশান্তি বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন তাঁরা।
অনুষ্ঠানে পেফি গেমস কো-অর্ডিনেটর (ত্রিপুরা) এবং সাই কো-অর্ডিনেটর গোপেশ দেবনাথসহ আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*