গোপল সিং, খোয়াই, ২২ জুন || জল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি-র খোয়াই জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত জেলা সভাপতি সমীর কুমার দাস। এদিন খোয়াই জেলা বিজেপি অফিসে এক বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী জেলা সভাপতি বিনয় দেববর্মা নিজে উপস্থিত থেকে নতুন সভাপতি সমীর কুমার দাসকে তাঁর অফিসিয়াল চেয়ারে বসিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ খোয়াই জেলা জুড়ে বিজেপির প্রবীণ ও নবীন কার্যকর্তাদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
দায়িত্বভার গ্রহণ করার সময় নতুন জেলা সভাপতিকে স্বাগত জানাতে কার্যালয়ে উপচে পড়া ভিড় তৈরি হয়। দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা তাঁকে ফুল ও তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
চেয়ারে বসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রথম প্রতিক্রিয়ায় নতুন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাংগঠনিক বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “খোয়াই জেলায় দলের সমস্ত স্তরের প্রবীণ ও নবীন কার্যকর্তা এবং সমর্থকদের সাথে নিয়ে আগামী দিনগুলোতে সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও ইস্পাতকঠিন ও মজবুত করাই আমাদের প্রধান লক্ষ্য।” খোয়াইয়ের মাটিতে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং দলীয় কর্মসূচিকে প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি সমস্ত খোয়াইবাসীর আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।
এদিন খোয়াই জেলা কার্যালয়ে সমীর কুমার দাসের এই দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের শীর্ষ ও প্রথম সারির একঝাঁক নেতার উপস্থিতি এক বড়সড় রাজনৈতিক বার্তা বহন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, সদ্য প্রাক্তন জেলা সভাপতি বিনয় দেববর্মা, খোয়াইয়ের বর্ষীয়ান বিজেপি নেতা দেবাশীষ নাথশর্মা, অনিমেষ নাগ এবং অপর্ণা সিংহরায় সহ জেলার অন্যান্য প্রথম সারির মন্ডল ও জেলা স্তরের কার্যকর্তারা। এখন দেখার, এই প্রবীণ-নবীনের মেলবন্ধন ঘটিয়ে খোয়াই জেলায় বিজেপিকে কতটা শক্তিশালী করতে পারেন নতুন সভাপতি সমীর কুমার দাস।
