বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুন || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু এলাকায় অবস্থিত ‘আপন’ আইসক্রিম ফ্যাক্টরির তৈরি আইসক্রিমে পোকা ও ছত্রাক পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বীরচন্দ্রমনু বাজারে এক বিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে খাওয়ার সময় ক্রেতারা দেখতে পান, আইসক্রিমের ভেতরে পোকা রয়েছে। পাশাপাশি একাধিক আইসক্রিমে ছত্রাকের উপস্থিতিও লক্ষ্য করা গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ওই ফ্যাক্টরির বিরুদ্ধে এর আগেও নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগ উঠেছিল। কিন্তু অভিযোগ সত্ত্বেও প্রশাসনের খাদ্য নিরাপত্তা বিভাগ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ তাঁদের।
রবিবার বিষয়টির সত্যতা যাচাই করতে সংবাদমাধ্যম ফ্যাক্টরিতে গেলে সেখানে উপস্থিত এক শ্রমিক জানান, কয়েকদিন বিদ্যুৎ না থাকায় সংরক্ষিত আইসক্রিম নষ্ট হয়ে পোকা লাগতে পারে। তিনি আরও জানান, কয়েকদিন ধরে নতুন করে আইসক্রিম উৎপাদন হয়নি এবং আগে তৈরি করা আইসক্রিমই বর্তমানে বাজারে বিক্রি করা হচ্ছে। আইসক্রিমে পোকা পাওয়ার বিষয়টি মালিকপক্ষও অবগত বলে ওই শ্রমিক দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, এই ফ্যাক্টরির আইসক্রিম প্রতিদিন স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ খেয়ে থাকেন। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও নষ্ট আইসক্রিম বাজারজাত হওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এলাকাবাসীর আরও অভিযোগ, শান্তিরবাজার মহকুমার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা আইসক্রিম কারখানাগুলিতে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশাসনের নজরদারি প্রায় নেই বললেই চলে। তাই দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, আইসক্রিমে পোকা ও ছত্রাক থাকার অভিযোগ স্থানীয়দের এবং ফ্যাক্টরির এক শ্রমিকের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে সংশ্লিষ্ট মালিকপক্ষ বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
