কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে মডেল রাজ্যের পথে ত্রিপুরা: আগরতলায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || বর্তমান ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে রাজ্যকে দেশের অন্যতম মডেল রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। মঙ্গলবার রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর থেকেই যুব সমাজ, নারী, কৃষক এবং প্রবীণ নাগরিকদের উন্নয়ন ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর কথায়, সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা যেন সমাজের শেষ প্রান্তে থাকা মানুষটির কাছেও পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই কেন্দ্র কাজ করছে।
উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ তুলে অন্নপূর্ণা দেবী বলেন, একসময় এই অঞ্চল দেশের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল এবং উন্নয়নের গতি ছিল সীমিত। তবে গত ১২ বছরে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। পাশাপাশি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্য সফরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ত্রিপুরায় কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সুফল রাজ্যের মানুষ ইতিমধ্যেই অনুভব করছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ওয়ান স্টপ সেন্টারগুলিতে সংবেদনশীলতার সঙ্গে পরিষেবা প্রদান করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় অর্থানুকূল্যে রাজ্যে ১০টি ওয়ার্কিং ওমেন হোস্টেল নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলেছে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব অজিত কুমার এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*