কড়া পাহারার মধ্যেও ফের সীমান্ত এলাকা থেকে গবাদি পশু চুরি: খোয়াই উত্তর দুর্গানগর ১নং ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য

গোপল সিং, খোয়াই, ১৭ জুলাই || বর্ষার মরসুমে খোয়াই নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার সুযোগ নিয়ে খোয়াই উত্তর দুর্গানগরস্থিত পুর এলাকার ১নং ওয়ার্ড, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফের এক গবাদি পশু চুরির ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সীমান্তবাসী ও জনবসতিগুলির মধ্যে তীব্র চাঞ্চল্য ও নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। অভিযোগ, গভীর রাতে একদল চোরের দল বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে দুটি মূল্যবান গবাদি পশু চুরি করে নিয়ে চম্পট দেয়।
গোটা ঘটনা নিয়ে খোয়াই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্ত্রী বিনা বণিক। তিনি জানান, চুরির বিষয়টি আঁচ করতে পেরেই কর্তব্যরত বিএসএফ জওয়ানদের তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। বিএসএফ কর্তৃপক্ষ অনতিবিলম্বে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তবে ভারত-বাংলাদেশ সীমান্তের কড়া পাহারার মধ্যেও কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে সীমান্তলাগুয়া এলাকার বাসিন্দাদের মধ্যে চরম অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক অনুমান, বর্তমানে বর্ষণের ফলে খোয়াই নদীতে জলস্তর উথাল-পাথাল থাকা সত্ত্বেও কীভাবে সেই ফাঁক গলে গবাদি পশু সীমান্তের ওপারে নিয়ে যাওয়া সম্ভব হলো, তার পেছনে স্থানীয় কোনো সংঘবদ্ধ পাচারকারী গ্যাং বা চক্র জড়িত রয়েছে। পুলিশ ও গোয়েন্দারা এই দিকটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
এদিকে, চুরির ধাক্কায় দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে তাদের গবাদি পশু ফিরে পাওয়ার আশা বুকে নিয়ে খোয়াই থানার পুলিশ এবং বিএসএফের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে খোয়াই থানার বিদায়ী ওসি কৃষ্ণধন সরকার এবং ১০৪ নং ব্যাটালিয়ন বিএসএফের যৌথ ও প্রশংসনীয় তৎপরতায় বেশ কিছু গবাদি পশু সীমান্ত অতিক্রম করার আগেই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল। এমনকি সীমান্তের ওপার থেকেও পশু ফিরিয়ে আনার নজির থাকায়, এবারও খোয়াই থানা পুলিশ ও বিএসএফের যৌথ প্রচেষ্টায় চুরি যাওয়া গবাদি পশু উদ্ধার হবে বলে আশার পারদ চড়ছে স্থানীয় মহলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*