‘আমি সুস্থ, বাড়ি যেতে চাই’—৪ দিন ধরে রোগী সুস্থ, ছুটি মিলছে না! চিকিৎসকের খোঁজে সোশ্যাল মিডিয়ায় বার্তা, খোয়াই জেলা হাসপাতালে চাঞ্চল্য

গোপল সিং, খোয়াই, ১৭ জুলাই || “আমি সম্পূর্ণ সুস্থ, দয়া করে একবার দেখা দিয়ে আজ আমাকে ছুটি দিন!”—খোয়াই জেলা হাসপাতালের এক চিকিৎসকের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে এমনই এক নজিরবিহীন ও আকুল বার্তা দিলেন অসিত দাস নামে খোয়াইয়ের এক স্থানীয় ব্যবসায়ী। ম্যালেনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দীর্ঘ চার দিন কেটে গেলেও সংশ্লিষ্ট চিকিৎসকের দেখা না পেয়ে বাধ্য হয়েই ফেসবুকের শরণাপন্ন হয়েছেন তিনি। এক রোগীর এমন ব্যতিক্রমী সামাজিক বার্তা প্রকাশ পেতেই খোয়াই মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ ও অসহায়তা প্রকাশ করে ব্যবসায়ী অসিত দাস লিখেছেন, “খোয়াই হাসপাতালে ভর্তি হলাম আজ ৪ দিন হলো। আমাকে যিনি এই হাসপাতালে ভর্তি করেছেন, একটা বারও এসে দেখলেন না; যদিও অন্যান্য সব ডাক্তারবাবু সব রোগীর দেখাশোনা করতে ওয়ার্ডে আসছেন।”

তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের উদ্দেশ্যে আরও লেখেন, “আমার ম্যাডামের উদ্দেশ্যে বলছি—আমি নিজে গিয়ে একদিন ওনার সাথে দেখা করেছি। সামনে দয়া করে দেখা দেন এবং আজ আমাকে ছুটি দেন, আমি সুস্থ হয়েছি।”
ভর্তিকৃত রোগীর এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসকদের একাংশের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলছেন, যেখানে অন্য সব কর্তব্যরত চিকিৎসকরা নিয়মিত ওয়ার্ডে এসে রোগীদের তদারকি করছেন, সেখানে একজন রোগীকে কেন সুস্থ হওয়ার পরও চিকিৎসকের দেখা পাওয়ার জন্য এভাবে সামাজিক মাধ্যমে আর্জি জানাতে হবে? এই ঘটনাটি জানাজানি হওয়ার পর খোয়াই জেলা হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় নাগরিকেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*