নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, POCSO মামলায় গ্রেফতার যুবক, তদন্তে তৎপর পুলিশ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর || কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তেলিয়ামুড়া থানা এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তেলিয়ামুড়া থানায় ৫৪/২০২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্ত সত্যম চন্দ্রশীলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ধারা এবং POCSO আইনের ৪(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে তার মাইগঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর নাবালিকার বাবা-মা কোনো কারণে বাড়িতে ছিলেন না। সেই সময় নাবালিকা বাড়ির বাইরে গেলে অভিযুক্ত তাকে জোর করে বাড়ির পাশের একটি টিলা এলাকায় নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, ঘটনার দিন নাবালিকা বিষয়টি কাউকে জানায়নি। পরদিন শারীরিক অস্বস্তি অনুভব করার পর সে তার মাকে বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা রবিবার তেলিয়ামুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং পরবর্তীতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তবে অভিযোগ উঠলেই কেউ অপরাধী হিসেবে প্রমাণিত হয় না। ঘটনাটির প্রকৃত সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। নাবালিকার বয়স সংক্রান্ত নথি, মেডিক্যাল পরীক্ষা, আদালতে গোপন জবানবন্দি এবং অন্যান্য বৈজ্ঞানিক ও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতেই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*