গোপাল সিং, খোয়াই, ২১ সেপ্টেম্বর || রাজধানী আগরতলা পূর্ব থানা এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করার সংকল্প নিয়ে ময়দানে নেমেছেন নবাগত ওসি কৃষ্ণধন সরকার। তাঁর একের পর এক সফল অভিযানের ধারাবাহিকতায় গতকাল শহর লাগোয়া শ্রীলঙ্কা বস্তি এলাকা থেকে উদ্ধার হলো ৫ থেকে ৬টি সন্দেহভাজন মোটরসাইকেল। বাইকগুলির লক ভাঙা ও নম্বর প্লেট হেরফের থাকার কারণে সেগুলি চুরির বাইক বলে জোরালো সন্দেহ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শ্রীলঙ্কা বস্তি এলাকায় গোপন খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে এই বাইকগুলি বাজেয়াপ্ত করা হয়।
তল্লাশি চালাতে গিয়ে দেখা যায়, একাধিক বাইকের হ্যান্ডেল লক ভাঙা অবস্থায় রয়েছে এবং কয়েকটির নম্বর প্লেট বদলে ফেলা হয়েছে। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা দাবি করে যে, এই বাইকগুলি নাকি টাকার বিনিময়ে তাদের কাছে বন্ধক হিসেবে রাখা হয়েছিল। তবে এই দাবির সপক্ষে তারা পুলিশকে কোনো বৈধ কাগজপত্র বা সামঞ্জস্যপূর্ণ প্রমাণপত্র দেখাতে পারেনি। উদ্ধার হওয়া সমস্ত গাড়ি চুরি চক্রের সাথে জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে পূর্ব থানার পুলিশ।
ওসি কৃষ্ণধন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পূর্ব থানা এলাকায় চুরি, ছিনতাই ও মাদকবিরোধী একের পর এক চাঞ্চল্যকর ঘটনার দ্রুত কুলকিনারা হচ্ছে। সম্প্রতি চাঞ্চল্যকর স্বর্ণালঙ্কার চুরি, হার ছিনতাইয়ের মতো ঘটনার কুলকিনারা করা সহ ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া স্কুটি উদ্ধার থেকে শুরু করে বিপুল মদ বাজেয়াপ্ত করার পর শ্রীলঙ্কা বস্তির এই অভিযানে পুলিশের ভূমিকা শহরবাসীর কুড়িয়েছে প্রশংসা। পুলিশের এই লাগাতার ও কার্যকর তৎপরতার ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা পুনরায় সুদৃঢ় হতে শুরু করেছে।
