রাজধানীর কলেজটিলা লেকের পাড়ে মটর ভ্যাহিকেল চেকিংয়ে পুলিশি সাফল্য, ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ পাচারকারী

গোপাল সিং, খোয়াই, ২১ সেপ্টেম্বর || রাজধানীকে নেশামুক্ত ও অপরাধমুক্ত করতে পূর্ব আগরতলা থানার পুলিশের অল-আউট ‘হাল্লাবোল’ অভিযান অব্যাহত রয়েছে। এবার নাকা পয়েন্টে গাড়ি তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করল কলেজটিলা ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া নেশাসামগ্রীর আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষাধিক টাকা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার এই সফল অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
ওসি জানান, কলেজটিলা ফাঁড়ির ওসির নেতৃত্বে কলেজটিলা লেকের পাড় এলাকায় একটি বিশেষ মটর-ভ্যাহিকেল চেকিং ও নাকা পয়েন্ট বসানো হয়েছিল। তল্লাশি চলাকালীন ব্যাগ হাতে দুই যুবককে হেঁটে যেতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের থামায়। জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবকদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে এবং তারা ঘাবড়ে যায়। এরপর পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করে মোট ১৮ কেজি শুকনো গাঁজা। ওসি কৃষ্ণধন সরকার জানান, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই গাঁজা সম্ভবত আগরতলা রেলওয়ে স্টেশন ব্যবহার করে রাজ্যের বাইরে পাচার করার পরিকল্পনা ছিল। তবে পুলিশের সঠিক সময়ে তৎপরতার কারণে নেশা কারবারীদের সেই ছক পুরোপুরি ভেস্তে গেছে।
ধৃত যুবকরা এখনও পর্যন্ত পুলিশকে তাদের সঠিক পরিচয় ও ঠিকানা জানায়নি। তবে তাদের বাড়ি রাজধানীর বাধারঘাট এলাকায় হতে পারে বলে পুলিশ প্রাথমিক অনুমান করছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর পেছনে বড় কোনো নেশা পাচার চক্র জড়িত আছে কি না, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান পূর্ব থানার ওসি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*