গোপাল সিং, খোয়াই, ২১ সেপ্টেম্বর || খোয়াই মহকুমার বাইজালবাড়ী থানাধীন একটি এলাকায় ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটি।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার ওই এলাকায় ৯ বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনায় স্থানীয় ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত কিশোরকে আটক করে। এরপর তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হলে বোর্ডের নির্দেশে তাকে চাইল্ড অবজারভেশন হোমে পাঠানো হয় বলে জানা গেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে খোয়াই মহিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে পুলিশের সঙ্গে দেখা করে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানায়।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী সমিতির খোয়াই জেলা কমিটির সম্পাদিকা হেপী চক্রবর্তী, মহকুমা কমিটির সম্পাদিকা রত্না চক্রবর্তী, নারীনেত্রী ঝর্ণা দেবসরকার, রত্না চৌধুরী ও সীমা রায়।
নারী সমিতির নেতৃবৃন্দের বক্তব্য, একজন শিশুর বিরুদ্ধে সংঘটিত এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা যাবে না। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এদিকে, শিশুটির গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে তার নাম, ঠিকানা ও পরিচয় প্রকাশ করা হয়নি।
