


দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ।। প্রতিবছরের মতো এবারেও ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজ্যে নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সরকারী বেসরকারী স্তরে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে। এখানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, সন্মানিত অতিথি হিসেবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডঃ কে রাজেশ্বর রাও, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোঃ মণিরুজ্জমান, বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেব, অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা পি কে গোয়েল।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তিতায় বরকত, সালাম, জব্বর, রফিকের আত্মবলিদানের জন্যই বাংলা ভাষা আন্তর্জাতিক সন্মানে ভূষিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা, উঠে এসেছে বাংলাভাষার চলমান ভূমিকা থেকে ভাষার টানে দু’দেশের বাংলা ভাষাভাষী মানুষদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিনত করার কথা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবসের একটি অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী মানুক সরকার সহ ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারীর পূন্য প্রভাতে বিশেষ পর্ব আয়োজিত হয় উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে, এখানে বইমেলার মুক্ত মঞ্চে দিবসটি নিয়ে আলোচনায় অংশ নেয় বিদগ্ধ মানুষেরা।
আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুস্পমালায় শ্রদ্ধা জানানো সহ প্রভাত ফেরী করা হয়।
