আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট ৷৷ গণেশ চতুর্থী মানেই সিদ্ধলাভের আশা। ভাদ্র মাসের গণপতি বাপ্পার আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা ও উৎসব। শিব ও পার্বতী-পুত্র গজানন গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। সংস্কৃত শব্দ ‘গণ’ অর্থাৎ সর্বসাধারণ এবং ‘ঈশ’ অর্থাৎ ‘পরম পূজ্য’। ভক্তরা বিশ্বাস করেন এই দিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামেও পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ। অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা। পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা বিধেয়।গণেশ চতুর্থী উপলক্ষ্যে রাজধানী আগরতলা সহ রাজ্যে্র বিভিন্ন স্থানে গণেশ পূজোর আয়োজন করা হয়। দেশজুড়ে পূজিত হলেও মুম্বই তথা মহারাষ্ট্রে যেন ‘গণপতি বাপ্পা মৌরিয়া’-র হুঙ্কার একটু বেশি। রাজ্যে গণেশ চতুর্থীতে সরকারী ছুটি নেই। তবে আগরতলা শহরে গণেশ চতুর্থীতে গণেশ পূজোর আয়োজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছোট বড় পূজোর ছড়াছড়ি গোটা শহরেই। গণেশ পূজো উপলক্ষ্যে বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
