আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || আসন্ন দুর্গাপূজা ও ‘মায়ের গমন’ কার্নিভাল ২০২৬-কে সামনে রেখে সোমবার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক বৈঠক। বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন, ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রস্তুতিমূলক বৈঠকে ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাঁদের আন্তরিকতারই প্রতিফলন। সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় এবারের দুর্গোৎসব আরও আনন্দময়, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজার দিনগুলিতে নাগরিকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা, যান চলাচল ও নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় এবারের দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে—এই প্রত্যাশাই ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
