আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি ৷৷ বিজেপি এবং আই পি এফ টি বরাবরই মিত্র। সাম্প্রতিক কালে কয়েক মাসের ঘটনা যদি আমরা বিবেচনা করি তবে, সন্ত্রাসবাদী কায়দায় আলাদা রাজ্যের দাবীতে আই পি এফ টি-র রাস্তা অবরোধ থেকে শুরু করে, জি এম পি-র সমাবেশকে বাঞ্চাল করা, গাড়ি ভাঙচুর, রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক, মোটর শ্রমিক জীবন দেবনাথকে খুন করা, সব কিছুর পেছনেই আই পি এফ টি-র হাত রয়েছে। আর এই কাজে তাদের পেছন থেকে মদত দিয়েছে বিজেপি। শনিবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজত এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। শ্রী ধর বলেন, বিজেপি এবং আই পি এফ টি ছাড়া অন্য সব রাজনৈতিক দল আলাদা রাজ্যের দাবীতে বিরোধীতা করেছে। আমরা প্রথম থেকেই অখন্ড ত্রিপুরার পক্ষে রয়েছি।এদিনের সাংবাদিক সন্মেলনে শ্রী ধর ছাড়াও উপস্থিত ছিলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটীর সদস্য গৌতম দাস। শ্রী দাস বলেন, রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে জড়িত যে দু’জনের নাম পুলিশের চার্জশিটে উঠে এসেছিল তারা সম্প্রতি বিজেপি’তে যোগ দিয়েছে। বিজেপি নেতা সুনীল দেওধর তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটীর সদস্য গৌতম দাস বলেন, শান্তনু ভৌমিক হত্যাকান্ডে জড়িত যে দু’জনকে বিজেপি দলে স্থান দিয়েছে সেই আসামীদের অবিলম্বে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবী জানাই।
